দেশকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে নির্বাচন জরুরি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে দেশের বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্র ও চক্রান্ত ব্যর্থ হবে নিষ্ফল হবে। আমাদের ভেতরে যেন ঐক্যের ফাটল না ধরে, সেজন্য সচেষ্ট থাকতে হবে। আর ঐক্যবদ্ধ না হলে রাজনীতি, আদর্শ, গণতন্ত্র ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’
‘নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে গণতন্ত্রের ভিত্তি ও চর্চা অব্যাহত থাকে না। দেশকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে নির্বাচন জরুরি। গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে দেশের ভিত্তি মজবুত হয়’- বলেন তিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন তারেক রহমান।
‘অন্তর্বর্তী সরকারের কয়েকজনের বক্তব্যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে’ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে সরকারের ভেতরে নানা জনে নানা কথা বলছেন। ফলে দেশজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। আমরা চাই, দেশ গড়তে, দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে স্থিতিশীলতা আনা অত্যন্ত প্রয়োজন।’
মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাক হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
নগরীর ২৭টি ওয়ার্ডের দুই হাজার ৭২৭ জন কাউন্সিলর, চার হাজার প্রতিনিধিসহ প্রায় ২৫ হাজার নেতাকর্মী সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে উদবাতুল বারী আবু সভাপতি, ইউসুফ মোল্লা টিপু সাধারণ সম্পাদক ও রাজিউর রহমান রাজিব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে