Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের এই বৈঠকটি শুরু হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এটি চলতি অর্থবছরের ১২তম এবং বর্তমান সরকারের অধীনে চতুর্থ একনেক সভা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে, যার মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১০৬ কোটি টাকা। বরাদ্দের বড় অংশই রাখা হয়েছে দেশের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতির জন্য।

আজকের আলোচ্যসূচির অন্যতম প্রধান আকর্ষণ হলো চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমির ওপর 'চাইনিজ ইকোনমিক জোন' (চীন অর্থনৈতিক অঞ্চল) প্রতিষ্ঠা। প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগেই চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়াও শিশু স্বাস্থ্যসেবার মান উন্নত করার লক্ষ্যে ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্প এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য আজকের সভায় আলোচনা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ