সব দল নির্বাচনে এলে তপশিল পুনর্বিবেচনা করবে ইসি: নির্বাচন কমিশনার
বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলে নির্বাচন কমিশন (ইসি) নতুন করে তপশিল দেওয়ার কথা বিবেচনা করবে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সোমবার (২০ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তপশিল ঘোষণার পাঁচ দিন পর ইসি'র কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, 'ওনারা (বিএপিসহ সমমনা দলগুলো) যদি ফিরতে চান, কীভাবে কী করা যাবে, নিশ্চয়ই আমরা আলোচনা করব। সিদ্ধান্ত নেব। ওনারা সিদ্ধান্ত নিলে, আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। কখনোই চাইব না যে ওনারা আসতে চেয়েছেন, আমরা ফিরিয়ে দেব, এটা হবে না। ওনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসব। আইন-কানুন দেখব। তারপর যেটা সিদ্ধান্ত হয়।'
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে এই নির্বাচন কমিশনার জানান, 'আমাদের প্রতি আস্থা রাখেন। আসেন, নির্বাচন করেন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার সুযোগ পাবেন।'
রাষ্ট্রপতির কাছে তপশিল পেছানোর জন্য জাতীয় পার্টির (জাপা) আবেদন বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার জানান, 'এই বিষয়ে আমরা কিছুই বলব না। অগ্রিম বলার সময় এখনো আসেনি। যখন আসবে, যেটা হবে, সেটাই বলব। পরিস্থিতি যখন আসবে, পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব। অগ্রিম এ বিষয়ে কোনো কথাই বলব না। বলা উচিতও নয়। ওনারা এলে আমরা ওয়েলকাম করব। এটার জন্য আইন অনুযায়ী যেভাবে পথ সৃষ্টি করতে হবে, সেভাবে করব। কিন্তু আগেই বলব না।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে