ঢাবিতে শুরু হতে যাচ্ছে নন ফিকশন বইমেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবিতে ) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে অষ্টমবারের মতো শুরু হতে হচ্ছে তিন দিনব্যাপী নন ফিকশন বইমেলা। মেলার আয়োজন করবে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ মেলা শুরু হয়ে চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে মেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনায় এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ ডিসেম্বর সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। ৩০ ডিসেম্বর বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন 'নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪'-এর জুরিরা।
এতে আরও জানানো হয়, সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গন। এই বছর মেলায় অংশ নিচ্ছে মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে