ঢাবি অধ্যাপক জামালের জামিন আবেদন নামঞ্জুর
‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ করতে গিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক জামাল উদ্দীনের আইনজীবী গোলাম রাব্বানী।
মামলার তথ্য অনুযায়ী, বুধবার সকালে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা–২০২৬’ কর্মসূচিতে অংশ নিতে গেলে পল্টন থানা পুলিশ তাকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার আদালতে জামাল উদ্দীনের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার ও গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা কারাগারে তার ডিভিশন সুবিধা চেয়ে আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী বিষয়টি বিবেচনার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক আওয়ামীপন্থি ‘নীল দল’-এর শিক্ষক হিসেবে পরিচিত। গত ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি হেনস্তার শিকার হন। পরে জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়েও বাধার মুখে পড়েন তিনি।
সর্বশেষ ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে বুধবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় গেলে সেখান থেকে তাকে আটক করে পুলিশ। পরে পল্টন মডেল থানার এসআই রাফি আহমেদ সরকার রাষ্ট্রবিরোধী মিছিলে অংশগ্রহণ, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা ও রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে