Views Bangladesh Logo

ইজতেমা মাঠে পড়ল ড্রোন, আতঙ্কে ছোটাছুটিতে আহত শতাধিক

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্ব ইজতেমার ময়দানে আখেরি মোনাজাত চলাকালে আকাশ থেকে একটি ড্রোন পড়ে যাওয়ার ঘটনায় আতঙ্কে ছোটাছুটির ঘটনা ঘটেছে। এতে পড়ে গিয়ে শতাধিক মুসল্লি আহত হয়েছেন। তাদের গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত চলাকালে সকাল সাড়ে ৯টায় টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক সড়কে হঠাৎ একটি ড্রোন আকাশে উড়ন্ত অবস্থা থেকে নিচে বিকট শব্দে মাটিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারিদুল ইসলাম জানান, ইজতেমা ময়দানের মিল গেট সংলগ্ন এলাকায় হঠাৎ ড্রোনটি পড়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে অনেকেই পড়ে গিয়ে আহত হন।

এ সময় ইজতেমা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন এবং তারা জানান, এটি শুধু একটি ড্রোন, আতঙ্কের কিছু নেই।

তাৎক্ষণিকভাবে ড্রোনটি কীভাবে পড়ল বা এটি কার ছিল, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঢাকার উত্তরা থেকে আসা প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া বলেন, ‘ হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে আমার পেছনের মানুষজন ঠেলাঠেলি দিতে শুরু করে এবং দৌড়াতে লাগে। এতে আমি পড়ে যাই। আমার আশপাশের অন্তত ৫০ জনও মাটিতে পড়ে যান।’

এদিকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন জানান, ঘটনার পর আতঙ্কিত মুসল্লিরা হাসপাতালে ভিড় করেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ