Views Bangladesh Logo

রাজধানীর রামপুরা খাল পরিষ্কার অভিযানে নামল ডিএনসিসি

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর রামপুরা খাল পরিষ্কার অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১ নভেম্বর থেকে শুরু হওয়া ডিএনসিসির এই কার্যক্রম আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টায় খাল পরিষ্কার অভিযান পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান। এ সময় তিনি খালে ময়লা না ফেলার আহ্বান জানান।

জানা গেছে, খাল পরিষ্কার কার্যক্রম অংশ নিয়েছেন ডিএনসিসির ২৫০ জন পরিচ্ছন্নতাকর্মী। কার্যক্রম চলাকালে একটি ফ্লোটিং এক্সক্যাভেটরের মাধ্যমে খালের তলদেশ থেকে ময়লা পরিষ্কার করা হবে।

সরেজমিনে এই পরিষ্কার কার্যক্রম তদারকি করেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। এ সময় তারা ফ্লোটিং এক্সক্যাভেটরে চড়ে এর কার্যক্রম দেখেন।

পরিদর্শন শেষে এলাকাবাসী ও পরিছন্নতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ডিএনসিসির প্রশাসক বলেন, ‘বর্জ্য পরিষ্কার ডিএনসিসির একটি নিয়মিত কাজের অংশ। প্রতিদিন আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা, ফুটপাত, গৃহস্থালির বর্জ্য এবং খালের বর্জ্য অপসারণ করেন। জাতীয় যুব দিবস উপলক্ষে সারাদেশে জাতীয়ভাবে ১৫ দিনব্যাপী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আমারও ডিএনসিসি থেকে এই বিশেষ কর্মসূচি শুরু করেছি। রামপুরা খালে পরিষ্কার কার্যক্রম শুরু হলো এবং পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য খালেও এই কার্যক্রম চলবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরকে বাসযোগ্য ও নিরাপদ শহরে পরিণত করতে নানা ধরনের বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে হবে। প্লাস্টিক, পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের মাইক্রো প্লাস্টিক খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে জটিল রোগের সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে আমাদের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ