শীর্ষে থেকেই বছর শেষ করছেন জোকোভিচ
ইতালির তুরিনে এটিপি ফাইনালসে নিজের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। হোলগার রুনকে তিনি হারিয়েছেন ৭-৬ (৭/৪), ৬-৭ (১/৭), ৬-৩ ব্যবধানে। এই জয়ের ফলে রেকর্ড অষ্টমবারের মতো বিশ্বের এক নম্বর হয়ে বছর শেষ করবেন এই সার্বিয়ান।
র্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জোকোভিচের দরকার ছিল একটি জয় অথবা প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজের একটি হার। তবে তিন ঘণ্টার লড়াইয়ে অভিষিক্ত রুনকে হারিয়েই তিনি শীর্ষস্থান দখল করলেন।
জোকোভিচ চলতি বছরটা দারুণ কাটিয়েছেন। তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে সর্বকালের সবচেয়ে বেশি মেজর শিরোপা জয়ের কীর্তি স্থাপন করেছেন। চলতি মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ছুঁয়েছিলেন জোকোভিচ। এরপর ইউএস ওপেন ও ফরাসি ওপেন খেতাব জিতে ঝুলিতে মোট ২৪টি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে এই মুহূর্তে সবার ওপরে রয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। তুরিন এটিপি ফাইনালসে যদি জিততে পারেন তবে এটি হবে জোকোভিচের অষ্টম এটিপি ফাইনাল খেতাব জয়। এক্ষেত্রে তিনি টপকে যাবেন রজার ফেদেরারকে।
রুনের বিপক্ষে জয়ের পর জোকোভিচ বলেন, “এই জয় অনেক তাৎপর্যপূর্ণ। আপনারা দেখেছেন যে, অনেক আবেগ নিয়ে খেলেছিলাম। ম্যাচটি জিততে আমি মুখিয়ে ছিলাম। স্পষ্টতই একটি বড় লক্ষ্য অর্জিত হয়েছে, বাকি সবকিছুই এখন বোনাস। আমি আজ এমন একজন প্রতিপক্ষের বিপক্ষে জিতেছি যে দুর্দান্ত খেলেছে... তার অনেক সাহস ছিল। এই তরুণদের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে!”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে