বৃহস্পতিবারও বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
আবারও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে রাজধানী ঢাকার অবস্থান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুয়ায়ী ঢাকার একিউআই স্কোর ছিল ২৮০। এর ফলে রাজধানীর বাতাসের মানকে 'খুবই অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়াও ২৩৪ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়তে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। আর ২২৪ ও ১৯০ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা।
সাধারণত ১০১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। তবে ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশের একিউআই স্কোর নির্ধারণ করা হয় বায়ু দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। সেজন্য শীতকালে বাতাসের গুণমান অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে