Views Bangladesh Logo

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ দশম অবস্থানে

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শনিবার ঢাকা দশম স্থানে অবস্থান করছে। আজ সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৫ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। ভারতের দিল্লি ২৫০, চীনের চেংদু ২০৬ এবং পাকিস্তানের করাচি ১৯৫ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো হলো: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরেই একিউআই স্কোরে বায়ু দূষণে ঢাকার অবস্থান শীর্ষ পর্যায়ে। সাধারণত শীতকালে ঢাকার বাতাসের গুণমান অস্বাস্থ্যকর হয়ে যায়। তবে বর্ষাকালে কিছুটা উন্নতি ঘটে। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ কর্মকাণ্ডের ধুলো।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটে। এ কারণে মৃত্যুহার বৃদ্ধি পায়। এরই ফলে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ