ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো ৪ জোড়া কমিউটার ট্রেন
ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে যাত্রীদের সুবিধার্থে নতুন চার জোড়া কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে এ রুটে যাতায়াত আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা-জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেন ঢাকায় গিয়ে অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমরা এরপর নরসিংদী-ঢাকা ও নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করব।’
এদিকে নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। উচ্ছ্বাস প্রকাশ করে গাজীপুরের যাত্রীরা বলেন, ‘কমিউটার ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে। ঢাকায় দ্রুত সময়ে পৌঁছানো যাবে। এখান থেকে সরাসরি ঢাকায় অফিস করা যাবে।’
জানা গেছে, ঢাকা-জয়দেবপুর রুটে চলাচলকারী ট্রেনগুলো হলো তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩, তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩, জয়দেবপুর কমিউটার-৪। এসব ট্রেন ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে যাত্রাবিরতি দেবে। তুরাগ কমিউটার ট্রেনগুলো সপ্তাহে শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার ট্রেনগুলো শনিবার বন্ধ থাকবে। ট্রেনের টিকিট শুধুমাত্র নির্দিষ্ট স্টেশন থেকেই সংগ্রহ করা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে