Views Bangladesh Logo

ইউনূস আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি: প্রধামন্ত্রীর উপদেষ্টা

ঢাকা ও নয়াদিল্লি উভয়ই পূর্ববর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় ভারতের সঙ্গে যে সম্পর্কের ধারা তৈরি হয়েছিল, এখন দুই দেশই সেটি থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে।

ভারতের পুশইন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে চাপ দেওয়ার উদ্দেশ্যে ভারত এমনটি করছে—এমনটা আমি মনে করি না। বরং এটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাবের ফল বলে ঘটছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটকেও এর সঙ্গে যুক্ত করে দেখছি। আশা করছি বিষয়টি শিগগিরই সমাধান হবে।

অপতথ্য বা ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকার এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। ভুয়া ফটোকার্ড, বিভ্রান্তিকর ভিডিও ও বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব ঠেকাতে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও তিনি বলেন, এটি যেহেতু নির্দলীয় নির্বাচন, তাই ব্যক্তিগতভাবে শর্ত পূরণ করলে যে কেউ অংশ নিতে পারবেন—এতে সরকারের কোনো বাধা নেই।

এছাড়া অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি; বরং বিভাগগুলো বহাল থাকবে, তবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, দেশের বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ