ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার ভোরে তিওফিলো ওতোনি পৌরসভায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২২ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনা সংবাদ সংস্থা।
ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, কার্গো ট্রাক থেকে একটি বিশাল পাথর রাস্তার ওপর পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পাথরের কারণে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এ সময় পেছন থেকে দুর্ঘটনাকবলিত বাসটিকে ধাক্কা মারে একটি গাড়ি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। এর ফলে বেশিরভাগ জনের মৃত্যু হয়।
তিওফিলো ওতোনি কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, আহতদের মধ্যে একটি গাড়ির তিন যাত্রী রয়েছেন। যাদের অবস্থা আশঙ্কাজনক।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এটিকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে