চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ৯৯ জনে
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯৯ জনে পৌঁছেছে। এছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চিলির ভালপারাইসো অঞ্চলে বনের দাবানলে অন্তত ৯৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় ‘প্রয়োজনীয় সবকিছুর’ ব্যবস্থা করবেন তিনি।
এদিকে রেকর্ড রাখা শুরুর পর থেকে এটিকে চিলির সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন। এছাড়া চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে