‘ছোট সাজ্জাদের’ স্ত্রী গ্রেপ্তার
চট্টগ্রামে আলোচিত জোড়া খুন মামলায় বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে স্বামী সাজ্জাদ হোসেনকে (ছোট সাজ্জাদ) জামিনে ছাড়িয়ে আনার হুমকি দেয়া তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ মে) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁওয়ের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, জোড়া খুনের মামলায় আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরদিন তামান্না শারমিন সামাজিক যোগাযোগমাধ্যমে বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে স্বামীকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে গুলির ঘটনায় দুইজন নিহত হন। নিহত একজনের মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সাজ্জাদ, তামান্না শারমিনসহ কয়েকজনকে আসামি করা হয়। ইতোমধ্যে মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ পাঁচটি কারণকে কেন্দ্র করে এ জোড়া খুনের ঘটনা ঘটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে