শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর থেকেই সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানাতে সেখানে উপস্থিত হন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন। এ সময় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল। এরপরে সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য, আহত বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জনসাধারণের মধ্যে শোক ও কৃতজ্ঞতার আবহ দেখা গেছে। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সকলেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করেন।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে দেশের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বহু বিশিষ্ট নাগরিককে হত্যা করে। তাদের এই আত্মত্যাগ স্মরণে প্রতি বছরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে আসছে বাঙালি জাতি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে