দুই মামলায় চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং নাশকতার মামলায় সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন চট্টগ্রাম আদালত।
পুলিশের রিমান্ডের আবেদনের শুনানি শেষে রোববার (১৮ মে) এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালত।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চট্টগ্রামের কোতোয়ালি থানায় হওয়া মামলা দুটির তদন্ত কর্মকর্তারা চিন্ময়কে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। দুটি আবেদনেরই অনুমোদন দিয়েছেন আদালত।
গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরদিন তাকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হলে জামিনের আবেদন নামঞ্জুর ও তাকে কারাগারে পাঠান আদালত।
গ্রেপ্তারের পর বিক্ষোভ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সংঘর্ষে জড়ান ইসকন সমর্থকরা। আদালত প্রাঙ্গণের কাছে বেশ কয়েকটি স্থাপনায় হামলাও চালান বিক্ষোভকারীরা।
সংঘর্ষ চলাকালে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গন কনভেনশন হলের কাছে একটি গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
২৯ নভেম্বর নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের বিরুদ্ধে আলিফ হত্যা মামলা এবং পুলিশ এবং অন্য ক্ষতিগ্রস্ত পক্ষগুলো পুলিশের ওপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও চারটি মামলা করেন।
তদন্ত চলাকালে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানায়, একাধিক মামলায় চিন্ময় দাসের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। তদন্ত কর্মকর্তাদের আবেদনে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন আদালত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে