Views Bangladesh Logo

নোয়াখালীতে অটোরিকশায় এসে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় এসে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফারুক হোসেন (২৭) নামে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক উপজেলার শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে। হামলার পরপরই অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, সকাল পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ফারুককে জরুরি বিভাগে আনা হয়। তার তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। বর্তমানে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ঘটনার বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, সন্ত্রাসীরা হঠাৎ করে ওই যুবককে গুলি করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের কাজ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন বলেন, ফারুক আগে অটোরিকশা চালালেও বর্তমানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম ইতোমধ্যে পাওয়া গেছে এবং তাদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ