গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে হাতিরঝিলে কনসার্ট
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদে রাজধানীর হাতিরঝিলে ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কনসার্টের টিকিট বিক্রির পুরো টাকা গাজায় যুদ্ধাহত মানুষের জন্য আর্থিক সহায়তা হিসেবে পাঠানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। কনসার্ট চলাকালে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগান দেওয়া হয়।
আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টটি শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় শুরু হয়ে গভীর রাতে শেষ হয়। এতে গান পরিবেশন করে ব্যান্ড দল হাতিরপুল সেশনস, মুনফ্লাওয়ার প্রজেক্ট, ফিরোজ জং, মরুভূমিসহ শিল্পী মুয়িজ মাহফুজ ও অভিষেক ভট্টাচার্য। এ সময় শিল্পী ও ব্যান্ড দলগুলো বাংলা ও ইংরেজি ভাষায় গান গেয়ে গাজায় হত্যার প্রতিবাদ জানান।
আয়োজকরা জানান, এ কনসার্ট থেকে আসা টাকায় যুদ্ধবিধ্বস্ত গাজায় পাঠানো হবে। যে কারণে কনসার্টে অংশ নেওয়া কোনো ব্যান্ড দল ও শিল্পী কেউ-ই পারিশ্রমিক নেননি। পাশাপাশি অনলাইনেও গাজার বাসিন্দাদের জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করা হয়।
এ ছাড়া কনসার্ট দেখতে যাওয়া মানুষের কাছে স্মারক হিসেবে টি-শার্ট ও গাজার ঐতিহ্য জলপাই গাছের ছবি সংবলিত বিশেষ পোস্টার বিক্রি করা হয়েছে।
আয়োজকরা জানান, এই কনসার্ট থেকে সব মিলিয়ে ১২ লাখ ৭২ হাজার ১৩২ টাকা সংগ্রহ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে