মামলা না থাকলেও আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে বাঘারপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজগর আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাবেক সদস্য ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আজগর আলীর ভাই আবদুল হান্নানের অভিযোগ, রাতের বেলায় পুলিশ বাড়িতে এসে তাকে আটক করতে চায়। পরিবারের পক্ষ থেকে সকালে আসার অনুরোধ করা হলেও পুলিশ তা মানেনি।
তিনি দাবি করেন, পুলিশ ঘরে প্রবেশের জন্য দরজা-জানালা ভাঙার চেষ্টা করে এবং পরে আজগর আলী দরজা খুলে বাইরে এলে তাকে আটক করে নিয়ে যায়।
পরিবারের দাবি, বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো জেলা বা উপজেলা কমিটির সদস্য নন এবং তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। গ্রেপ্তারের কারণ জানতে চাইলেও পুলিশ স্পষ্ট কিছু জানায়নি বলে অভিযোগ করেন স্বজনরা।
তবে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, আজগর আলীকে একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। যদিও ওই মামলার এজাহারে তার নাম নেই বলে জানা গেছে।
ওসি আরও বলেন, দীর্ঘ সময় দরজা না খোলায় পুলিশ দরজা খোলার চেষ্টা করেছিল। তবে কোদাল-শাবল দিয়ে ভাঙচুর বা গালাগালের অভিযোগ ওসি অস্বীকার করেছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে গ্রেপ্তারের বৈধতা ও মামলার ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে