Views Bangladesh Logo

রাজধানীতে সিএনজিচালকদের অবরোধ, বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মিরপুর-১, মিরপুর-১৪, রামপুরা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন আফিসগামী মানুষ। এর ফলে অনেকেরই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে।

মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের প্রতিবাদে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই সড়ক অবরোধ করেন সিএনজিচালকরা। এ সময় অবরোধকারীদের যাত্রীসহ চলমান সিএনজি অটোরিকশা আটকে দিতে দেখা গেছে।

আন্দোলনকারী সিএনজিচালকদের দাবি, মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে না চললে জরিমানার আইন বাতিল করতে হবে। বিআরটিএ এ সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।

চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, সকাল ৯টার পর থেকে রামপুরা এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছে সিএনজিচালকরা। তাদের রাস্তা অবরোধের কারণে রামপুরা এলাকায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারা যেন এই সকালের সময়ে রাস্তা অবরোধ ছেড়ে দেয়।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

নির্দেশনায় বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনও গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেয়ার বিধান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ