চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে চিন্ময় দাসের শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন।
ফলে পরিস্থিতি বিবেচনায় আদালত চিন্ময় দাসের পরবর্তী জামিন শুনানির জন্য আগামী বছর ২ জানুয়ারি তারিখ ধার্য করেন।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।
পরে গত ২৫ নভেম্বর, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরের দিন মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে