নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনে গাড়িতে আগুন, শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রাইভেট কারে আগুনের ঘটনায় চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। একটি ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় গাড়িটি আগুন ধরে যায়।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় অবস্থিত রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশুর মৃত্যুর খবর পেয়ে ক্ষুব্ধ স্বজনরা ফিলিং স্টেশনটি ভাঙচুর করেন। নিহত শিশুর নাম জিহান, সে রূপগঞ্জের রূপশী এলাকার শরীফের ছেলে।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, জিহান তার মা ও মামার সঙ্গে রূপশী থেকে নরসিংদীতে খালার বাড়ি যাচ্ছিল। পথে কর্ণগোপ এলাকার রংধনু ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার জন্য গাড়িটি থামে।
গ্যাস ভর্তি করার সময় জিহান গাড়ির ভেতরেই ছিল, আর তার মা ও মামা বাইরে অপেক্ষা করছিলেন। হঠাৎ করে গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
গাড়ির ভেতরে আটকা পড়ায় ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় জিহানের। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবারের সদস্যরা ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এদিকে, আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের কর্মীরা পালিয়ে যান।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে, জানান ওসি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে