Views Bangladesh Logo

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়লার ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন — ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)। তারা দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বলেন, ‘তারা দুজন একটি মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেল ও সিটি করপোরেশনের বর্জ্যের ট্রাকটি একই দিকে যাচ্ছিল। ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।’ দুর্ঘটনার ধরন সম্পর্কে তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে, আবার কেউ বলছেন পাশাপাশি যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।’ চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছে বলেও জানান তিনি।

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন বলেন, ‘মাসুম বিল্লাহ নিজের মোটরসাইকেল চালাচ্ছিলেন। ছাত্রদল নেতা জিলানী ছিলেন তার সঙ্গে। তারা দুজন দশপাইপ এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।’ এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহত দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘তারা আমার ঘনিষ্ঠ ছিলেন। আমি এই পরিবারগুলোর পাশে থাকব। সিটি করপোরেশন থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।’

এ বিষয়ে মন্তব্যের জন্য নাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর হিরণের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ