Views Bangladesh Logo

'ছাবা' সিনেমা দেখে গুপ্তধনের খোঁজে গ্রামবাসী

মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভিকি কুশল ও রাশমিকা মান্দানার অভিনীত ছবি ‘ছাবা’। ছবিটি বক্স অফিসে মাত্র কিছু দিনেই ৫০০ কোটি রুপি আয় করে রেকর্ড সৃষ্টি করেছে। শুধু বক্স অফিসে সফলতা নয়, এটি দর্শকদের মনস্তত্ত্বেও গভীর প্রভাব ফেলেছে। অবাক করা ঘটনা, ছবিটি দেখার পরই ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে গুপ্তধনের খোঁজে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে স্থানীয়রা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মধ্যপ্রদেশের বুরহানপুরের আসিরগড় এলাকায় রাতের অন্ধকারে গ্রামের মানুষরা টর্চ, শাবল নিয়ে খনন কাজ শুরু করেন। তাদের বিশ্বাস, মুঘল আমলের কোনো গুপ্তধন বা স্বর্ণমুদ্রা ওই এলাকায় লুকানো রয়েছে। এমনকি কিছু গ্রামবাসী দাবি করেছেন, তারা স্বর্ণমুদ্রাও দেখেছেন।

‘ছাবা’ ছবির মধ্যে বুরহানপুরের উল্লেখ করা হয়েছে, যেখানে এক সময় মুঘলরা বসবাস করতেন। এ থেকেই গ্রামবাসীদের মনে ধারণা আসে যে, মুঘলদের গুপ্তধন সম্ভবত এখানেই লুকানো রয়েছে। এর প্রভাবেই তারা খনন কাজ শুরু করেন।

স্থানীয়রা মেটাল ডিটেক্টর ব্যবহার করে খোঁজ চালালেও জমির মালিকরা তাদের এই কাজের প্রতি বিরক্তি প্রকাশ করেন। বিষয়টি প্রশাসনের কাছে পৌঁছালে পুলিশ তাদের খনন কার্যক্রম বন্ধ করতে বলে। প্রশাসন গুপ্তধন পাওয়ার সম্ভাবনা খারিজ করেছে।

পিটিআই সংবাদ সংস্থার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গ্রামবাসীরা শাবল, গাঁইতি এবং কোদাল নিয়ে দুর্গের চারপাশে খনন করছেন। এই অদ্ভুত ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে হাস্যরোল তৈরি করেছে এবং বর্তমানে বুরহানপুরের ঘটনা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ