নাশকতাকারীদের তথ্য দিলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেবে পুলিশ
নির্বাচন ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে তথ্য দিলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেবে পুলিশ।
মঙ্গলবার (২ জানুয়ারি) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, “কেউ যদি নাশকতার বিষয়ে তথ্য নিয়ে আসে বা নাশকতাকারীদের সম্পর্কে বিস্তারিত জানায় তাহলে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়াও তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।”
ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, নির্বাচনের আগে ও পরে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে। ভোটকেন্দ্রে যেতে পারবেন না এমন কোনো আশংকা থাকলে পুলিশ সবসময় আপনাদের পাশে আছে।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এসব কেন্দ্রে পুলিশ আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে