Views Bangladesh Logo

ঈদের আগে এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এটিএম বুথে দেখা দিয়েছে তীব্র নগদ অর্থ সংকট। কোথাও টাকা শেষ, কোথাও বুথ ‘আউট অব সার্ভিস’, আবার কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন গ্রাহকরা।

রোববার ঈদের আগের শেষ কার্যদিবসে সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় এটিএম বুথে অতিরিক্ত ভিড় লক্ষ করা যায়। টানা সাত দিনের ব্যাংক ছুটিকে সামনে রেখে নগদ টাকা তুলতে গ্রাহকদের চাপ বেড়ে যাওয়ায় অনেক বুথ দ্রুত টাকাশূন্য হয়ে পড়ে।

রামপুরা, মতিঝিল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। অনেক গ্রাহক একাধিক বুথ ঘুরেও টাকা তুলতে পারেননি। কিছু বুথে টাকা থাকলেও দীর্ঘ লাইনের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

মতিঝিলে ট্রাস্ট ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের বুথে টাকা না পেয়ে শেষ পর্যন্ত ব্যাংকের শাখায় গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর টাকা তুলতে সক্ষম হন গ্রাহক আবুল কালাম।

শুধু এটিএম বুথ নয়, কিছু ব্যাংক শাখাতেও নগদ অর্থ সংকটের অভিযোগ পাওয়া গেছে। মগবাজারে উত্তরা ব্যাংকের একটি শাখায় গ্রাহকদের জানানো হয়, আপাতত টাকা নেই।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতিবছর কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিলেও বাস্তবে তার কার্যকর বাস্তবায়ন দেখা যায় না।

তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দাবি করেছেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ করা হয়েছে। কোনো ব্যাংক টাকা না পেয়ে ফেরত যায়নি।

তিনি বলেন, কোনো ব্যাংক যদি নিজস্ব ব্যবস্থাপনায় গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নগদ অর্থ সরবরাহে ব্যর্থ হয়, সেটি সংশ্লিষ্ট ব্যাংকের দায়িত্ব।

বাংলাদেশ ব্যাংক ঈদের ছুটিতে এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পিওএস ও অনলাইন পেমেন্ট গেটওয়ে সচল রাখার নির্দেশনা দিলেও মাঠপর্যায়ে তার বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিনের ছুটিতে থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ