Views Bangladesh Logo

‘পাচারের অর্থ’ উদ্ধারে কানাডার সাহায্য চান প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার দেশগুলোতে ‘পাচার হওয়া অর্থ’ উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, শেখ হাসিনার ‘স্বৈরশাসনে’ সম্পৃক্ত রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরির পর একটি অংশ কানাডায় পাচার করেছেন। টরন্টোর কুখ্যাত ‘বেগম পাড়ায়’ সম্পদও কিনেছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে বৈঠকে সম্পদ শনাক্তকরণ, জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, ‘তারা আমাদের মানুষের কাছ থেকে টাকা চুরি এবং বেগমপাড়ায় সম্পদ কিনেছেন। সম্পদ পুনরুদ্ধারে আপনাদের সাহায্য দরকার। এটি আমাদের জনগণের টাকা’।

চুরি ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন কানাডার রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টার সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসাবে কানাডার সহায়তার আশ্বাস দেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারের চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে পাচার করা অর্থ জব্দে কানাডার একটি প্রক্রিয়া রয়েছে।

গণতন্ত্রে উত্তরণে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে দেশটির সমর্থনের প্রস্তাবও দেন কানাডার রাষ্ট্রদূত।

অজিত সিং বলেন, ‘আপনি যে মহৎ কাজ করছেন, তা আমরা সমর্থন করি। যে অগ্রগতি হয়েছে, তার প্রশংসা করি। আমরা কী করতে পারি তা জানতে আগ্রহী’।

তিনি বলেন, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং আরও বিনিয়োগে আগ্রহী।

তিনি আরো বলেন, কানাডার একজন মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

অধ্যাপক ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি বলেন, ঢাকায় কানাডার আরও বিনিয়োগ প্রয়োজন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আপনাদের দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে আমরা চাই, কানাডিয়ান কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক’।

প্রধান উপদেষ্টা বলেন, ‘অনেক বাংলাদেশি কানাডায় থাকেন এবং পড়াশোনা করেন। অটোয়ার ঢাকায় ভিসা অফিস স্থাপনের পদক্ষেপ নেয়া উচিত’।

বৈঠকে ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ