স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ সুষ্ঠু এবং সময়োপযোগী করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) কমিটির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, ‘পুরো প্রক্রিয়াটি সমন্বয়ে নির্ভরশীল। বিনিয়োগকারী, তহবিলদাতা এবং উন্নয়ন অংশীদারদের আমাদের প্রতি মনোযোগ ও সমর্থন রয়েছে। প্রচেষ্টাগুলোকে আরও দ্রুত ও উদ্দেশ্যমূলকভাবে এগিয়ে নিতে আমাদের সম্মিলিত পদক্ষেপগুলোকে ত্বরান্বিত করতে হবে’।
বৈঠকে উত্তরণের মূল অর্জনগুলোর অগ্রগতি পর্যালোচনা শেষে এগিয়ে যেতে সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতেও জোর দেন প্রধান উপদেষ্টা।
অংশীদারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের এমন দল দরকার, যারা অগ্নিনির্বাপকদের মতো কাজ করে। যখন হুইসেল বাজে, তাদের দ্রুত, দক্ষতার সাথে এবং বিলম্ব না করে সাড়া দিতে হবে এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সমস্যাটির সাথেই থাকতে হবে’।
তিনি আশ্বস্ত করেন, প্রধান উপদেষ্টার কার্যালয় এই প্রক্রিয়া তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করবে।
‘সরকারের সর্বোচ্চ কার্যালয় ব্যক্তিগতভাবে উত্তরণ সম্পর্কিত সব উদ্যোগ বাস্তবায়নের তদারকি করবে’- বলেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে জরুরি ভিত্তিতে সম্পন্ন করা প্রয়োজন, এমন পাঁচটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ চিহ্নিত করে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটি। সেগুলো হচ্ছে, সব প্রাসঙ্গিক সংস্থার অংশগ্রহণে জাতীয় একক জানালার পূর্ণাঙ্গ কার্যক্রম, স্পষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে ‘জাতীয় শুল্ক নীতি, ২০২৩’ বাস্তবায়ন, ‘জাতীয় লজিস্টিক নীতি, ২০২৪’ এর অধীনে অবকাঠামো প্রকল্পসহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন, সাভার ট্যানারিপল্লীতে বর্জ্য পরিশোধন কেন্দ্রের (ইটিপি) কার্যকর প্রস্তুতি এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) পার্কের পূর্ণাঙ্গ কার্যক্রম।
‘এগুলোকে কেবল নিয়মিত কাজ নয়, আমাদের মূল পদক্ষেপ হিসেবে দেখতে হবে। প্রতিটি পদক্ষেপ আমাদের উত্তরণের পথ পরিষ্কার এবং সবার জন্য শক্তিশালী ও ন্যায্য অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে’ বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস।
বৈঠকে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং স্বল্পোন্নত জাতিগত উন্নয়ন গ্র্যাজুয়েশন কমিটির অন্য সদস্য ও নীতি উপদেষ্টারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে