বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য প্রতিমন্ত্রী
আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিফার সঙ্গে স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ায় চুক্তি সম্পন্ন হওয়ায় এবার প্রায় বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে বিটিভি।
তিনি দাবি করেন, ‘পূর্বের সময়গুলোর তুলনায় এবার সম্প্রচার স্বত্ব অর্জনে বড় অঙ্কের অর্থ ব্যয়ের প্রয়োজন হয়নি।’
প্রতিমন্ত্রী জানান, প্রথমদিকে একটি পক্ষ প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছায়। এই প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)–এর সভাপতি তাবিথ আউয়ালও যুক্ত ছিলেন।
তিনি আরও জানান, সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে প্রায় ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ভ্যাট ও করসহ মোট প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ টাকা। বিজ্ঞাপন ও বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে এই ব্যয় প্রায় সম্পূর্ণভাবে সমন্বয় করা সম্ভব হবে, ফলে বিটিভির নিজস্ব আর্থিক দায় থাকবে না।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে