Views Bangladesh Logo

সেবাকে প্রাধান্য দিয়ে সহযোগিতামূলক মডেলে ব্যবসা পরিচালনার আহ্বান বিটিআরসি চেয়ারম্যানের

সেবাকে প্রাধান্য দিয়ে পারস্পরিক সহযোগিতামূলক মডেলে ব্যবসা পরিচালনা করতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

তিনি বলেন, এখন সংস্কারের সময়। কাজ করার সময়। আমি আইএসপিএবি সদস্যদের কথায় সংস্কারের সুর পাচ্ছি না। প্রযুক্তির ওপর নির্ভর করে আমাদের সেবা দিতে হবে। কিন্তু তারা যখন কথা বলেন, শুধু ব্যবসায়ী হিসেবে বলেন। সবাই শুধু চায় নিজের স্বার্থ। আমাদের সহযোগিতামূলক মডেলে আসতে হবে। সহযোগিতা করলে ব্যবসা সফল হবে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে শুরু হওয়া তিন দিনের ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমদাদ উল বারী বলেন, পৃথিবী অনেকদূর এগিয়ে গেছে। দেশের ৯৮ থেকে ৯৯ শতাংশ মানুষ এখন যোগাযোগের আওতায় চলে এসেছেন। প্রযুক্তির যে একটি সুপ্ত ক্ষমতা আছে সেটা জানার জন্য জ্ঞানের প্রয়োজন।

তিনি বলেন, আইএসপির ওপর নির্ভর করে একটি ডিজিটাল জগৎ তৈরি হয়েছে। প্রযুক্তি নিজের গতিপথ খুঁজে নেবে। তাকে আটকানো সম্ভব না। আইএসপিকে বলব বড় বড় ব্যবসায়ীর মতো না দেখে সেবা প্রদানকারীর মতো দেখতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটিকে প্রযুক্তিবান্ধব শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন। তিনি বলেন, ‘আমরা একটি প্রযুক্তিবান্ধব শহর গড়ে তুলতে চাই। এ জন্য যা যা প্রয়োজন তা করার চেষ্টা করা হচ্ছে। আইএসপিকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা করব।’

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া তাদের বক্তব্যে আইএসপি খাতের বর্তমান চ্যালেঞ্জগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তারা অবৈধ আইএসপি বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বানও জানান।

আইএসপিএবি চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত কমিশনার (শিক্ষা ও আইসিটি) শরীফ উদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য নাজিম উদ্দিন এবং সংগঠনের সহ-সভাপতি ও চট্টগ্রাম আইসিটি ফেয়ারের আহ্বায়ক আনোয়ারুল আজিম।

চট্টগ্রাম আইসিটি ফেয়ার শুরু হয়েছে সকাল ৯টায়। তৃতীয়বারের মতো আয়োজিত মেলাটি তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সেবা তুলে ধরছে। এতে বিষয়ভিত্তিক সেমিনার, বিজ্ঞানমেলা, সুডোকু, বিভিন্ন অলিম্পিয়াড এবং রোবো সকার প্রতিযোগিতা রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এই বছরে মেলায় ৯৬টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি সেবা প্রদর্শিত হচ্ছে।

মেলার দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ এবং লাইভ কনসার্ট। তৃতীয় ও শেষ দিনে স্কুল শিক্ষার্থীদের জন্য কুইজ ও ব্রেইন ব্যাটল প্রতিযোগিতা হবে। একই দিনে বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র ড. শাহাদাত হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ