Views Bangladesh Logo

বাংলাদেশী যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশী যুবকের মরদেহ তিনবিঘা করিডোর দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর দিয়ে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পাটগ্রাম থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

এ সময় রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) পানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তিনবিঘা করিডোরে উভয় দেশের কোম্পানি কমান্ডার ও পাটগ্রাম থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২৮ জানুয়ারি) ভোরে ভারতীয় বিএসএফের গুলিতে রফিউল ইসলাম নিহত হয়। পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম টুকলু (৩৩) উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানি কমান্ডার আমানুজ্জামান আমান সত্যতা নিশ্চিত করেছেন।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত রফিউল ইসলাম টুকলুর লাশ ময়না তদন্ত শেষে ভারতীয় পুলিশ পাটগ্রাম থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মতো পাটগ্রাম থানা পুলিশ নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে। পারিবারিকভাবে রাতেই নিহত রফিউলের লাশ দাফন সম্পন্ন হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ