সোহরাওয়ার্দী হাসপাতালে যৌথ অভিযানে দালাল চক্রের ৬ জন আটক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। রোববার (১ জুন) সকালে পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকা চক্রের সদস্যদের আটক করা হয়।
দালাল চক্রটি রোগী ভর্তি, অপারেশন ও জরুরি চিকিৎসা সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করত এবং মিথ্যা তথ্য দিয়ে তাদের নির্দিষ্ট বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে কমিশনভিত্তিক প্রতারণা চালাত বলে অভিযোগ রয়েছে।
অভিযানটি নেতৃত্ব দেন র্যাব-২ এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান। তিনি জানান, আটককৃতরা হাসপাতালের ভেতরে সক্রিয়ভাবে ঘোরাফেরা করে রোগী ও স্বজনদের টার্গেট করত। তারা সরকারি সেবা দ্রুত পাওয়ার আশ্বাস দিয়ে টাকা আদায় করত, অথচ সেই সেবাগুলো আসলে বিনামূল্যে পাওয়ার কথা। কখনও কখনও তারা মিথ্যা দাবি করত যে, এই হাসপাতালে সেই চিকিৎসা দেয়া সম্ভব নয় বা জরুরি অবস্থা, তাড়াতাড়ি বাইরে নিতে হবে এভাবে আতঙ্ক সৃষ্টি করে রোগীকে নির্দিষ্ট প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে কমিশন নিত।
আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় এবং তাদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা একসঙ্গে অংশ নেন। হাসপাতালের চিকিৎসাসেবা প্রার্থীরা ও স্বজনেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে দালালদের কারণে সেবা গ্রহণে জটিলতা ও আতঙ্ক বিরাজ করছিল।
সোহরাওয়ার্দী হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এই সিন্ডিকেট বহুদিন ধরে হাসপাতালের পরিবেশ নষ্ট করে আসছিল। তারা সাধারণ রোগীদের বিভ্রান্ত করে সঠিক চিকিৎসাসেবা থেকে দূরে সরিয়ে দিত।
র্যাব ও সেনাবাহিনী জানিয়েছে, রাজধানীসহ দেশের অন্যান্য সরকারি হাসপাতালে এমন দালাল চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে। রোগীরা যেন সরকারি চিকিৎসা সেবার পূর্ণ সুবিধা পায়, তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে