নিজেদের বিজয়ী দাবি করে বিবৃতি যুক্তরাষ্ট্র ও ইরানের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করেছে, যদিও তারা একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে।
ইরানের বেসামরিক স্থাপনায় হামলা শুরুর জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নাটকীয়ভাবে ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সমঝোতার অংশ হিসেবে ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে।
যুদ্ধবিরতির ঘোষণার পর উভয় পক্ষই নিজেদের সাফল্যের দাবি করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এটিকে যুক্তরাষ্ট্রের 'পূর্ণাঙ্গ ও একচ্ছত্র জয়' হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে তারা 'ঐতিহাসিক বিজয়' অর্জন করেছে এবং প্রতিপক্ষ পরাজিত হয়েছে।
স্থায়ী সমঝোতায় পৌঁছাতে আগামী শুক্রবার পাকিস্তানে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবানন এই চুক্তির আওতায় নেই। লেবাননে হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
চীনের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তার ধারণা চীনের চাপের কারণেই ইরান আলোচনায় বসতে বাধ্য হয়েছে। পাশাপাশি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতেও সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় জানান, শক্তিশালী সামরিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থেকে এই সমঝোতায় পৌঁছাতে পেরেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে