রাজধানীতে দুপুরে বিএনপির র্যালি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এ র্যালির মাধ্যমে দলটি জানান দিতে চাচ্ছে নিজেদের শক্তিমত্তা।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে। র্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হবে।
এ ব্যাপারে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র্যালির উদ্বোধন করবেন।
দলটি আরও জানায়, এর আগে ৭ নভেম্বর নয়াপল্টন থেকে শান্তিনগর বা মালিবাগ পর্যন্ত র্যালি করে বিএনপি। এবার মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি সমাপনী বক্তব্য দেবেন।
উল্লেখ্য, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আলোচনা সভা, র্যালীসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে