বিশ্ব ইজতেমা: সিরিয়া ও লেবাননের জন্য কঠোর ভিসানীতি
আসন্ন বিশ্ব ইজতেমায় সিরিয়া ও লেবাননসহ বেশ কয়েকটি দেশের দর্শনার্থীদের জন্য কঠোর ভিসানীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েলের অতিথিরা নিবিড় তদন্তের মুখোমুখি হবেন।
যেসব দেশের চরমপন্থী ধর্মীয় দলগুলো ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত বলে পরিচিত, সেসব দেশের অতিথিদের আমন্ত্রণে নিরুৎসাহিত করার পরামর্শ দেয়া হয়েছে ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের শুরাকে।
অপ্রত্যাশিত ঘটনা রোধে কর্তৃপক্ষকে নির্দিষ্ট দেশগুলোর আবেদনকারীদের ভিসা দেয়ার আগে নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটির কার্যবিবরণী অনুসারে, নিবিড় পর্যবেক্ষণের অধীনে থাকা দেশগুলো হচ্ছে, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েল।
তাবলিগ জামাত বাংলাদেশের শুরাকে বিদেশি অতিথিদের নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ এবং পাসপোর্ট ইস্যু ও মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তালিকা ২০ ডিসেম্বরের মধ্যে পুলিশের বিশেষ শাখায় (এসবি) জমা দিতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে