ইনু-বাহাউদ্দিন নাছিম ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব জব্দ
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এ ছাড়াও তাদের স্ত্রী-সন্তানের ব্যক্তি মালিকানা ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
নির্দেশনা অনুযায়ী জানা গেছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আগামী ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে কোনো লেনদেনের অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হতে পারে।
বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই সময় আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ও বাহাউদ্দিন নাছিম ভারতে পালিয়ে যান। হাসানুল হক ইনু এখন কারাগারে বন্দি আছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে