Views Bangladesh Logo

বাংলা নববর্ষ উদ্‌যাপন জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে: পলক

বাংলা নববর্ষ আমাদের জীবনে নতুন মাত্রা যোগ করেছে। এটা এবার আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (১৪ এপ্রিল) কিশোরগঞ্জের মিঠামইনে বাংলালিংকের উদ্যোগে আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে বিশ্বের দীর্ঘতম 'আলপনা' উপভোগকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় তিনি ১৪ কি.মি দীর্ঘ আলপনার শেষ আঁচড় প্রদান করেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, পহেলা বৈশাখ উদযাপন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যর একটি মূল অংশ। আজকে বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কনের মাধ্যমে পহেলা বৈশাখের সাথে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারছি। এই ১৪ কি.মি দীর্ঘ আলপনাটি করতে ৬৫০ এর বেশি শিল্পী গত কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আলপনাটি ১২ হাজার লিটারেরও বেশি রং ব্যবহার করে আঁকা হয়েছে বলেও তিনি জানান।

সাংস্কৃতিক বিপ্লবের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাদের রাজনৈতিক মুক্তিকে নিশ্চিত করতে গেলে আমাদের প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হবে যখন আমরা সাংস্কৃতিক বিপ্লব সঠিকভাবে সম্পাদন করতে পারবো।

তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর রাজনৈতিক মুক্তি এবং স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন অর্থনৈতিক মুক্তি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তিকে টেকসই করার জন্য আমরা ৪১ সালের স্মার্ট বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের পথে আছি।

এদিকে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলালিংক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এসময় কিশোরগঞ্জের স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ