Views Bangladesh Logo

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দল রাইজিং স্টার্স এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর এবার সেমিফাইনালে পাকিস্তান নারী দলকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অধিনায়ক ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়কের ইনিংসে আসে সর্বোচ্চ ৪২ রান, যার মধ্যে ৩২ বলের লড়াকু ইনিংসে ৫টি চার রয়েছে। শারমিন সুলতানা ১৫, শামীমা সুলতানা ১৩ এবং ওপেনার ইশমা তানজিম ১২ রান করেন।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দাপটে পাকিস্তান ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়। শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ১৪, হাফসা ১২ এবং ইউসরা আমির ১১ রান করেন।

বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ২ উইকেট, সানজিদা আক্তার মেঘলা ২ উইকেট। ফারিয়া তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেন।

পাকিস্তানের হাফসা খালিদ ২ উইকেট নেন, ওয়াহিদা আক্তার, মমিনা রিয়াসাত, আনোশা নাসির ও ওমাইমা সোহেল ১টি করে উইকেট নেন।

আগামীকাল রোববার বাংলাদেশ নারী দল শিরোপা নির্ধারণী ফাইনালে শক্তিশালী ভারত নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে। দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত।

ফাইনাল বাংলাদেশ সময় দুপুর ১টায় ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ