ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে শহরের পায়রা চত্বরে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। ভিডিওতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে মিছিলের সামনের সারিতে দেখা যায়।
প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে পায়রা চত্বর থেকে মিছিল শুরু হয়ে সরকারি কেসি কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। এতে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন বলে পুলিশের দাবি। মিছিলে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।
ঘটনার পর ঝিনাইদহ সদর থানার এসআই রাজীব আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে জেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান সোহেল, ছাত্রলীগকর্মী নীলয় ফারহান এবং আশিককে গ্রেপ্তার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে