রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে রাজশাহীর পবায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে পবার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিছিলটি বের করা হয়। পরে দ্রুতই মিছিলটি শেষ হয়।
মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’। এসময় মিছিল থেকে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলের ভিডিওতে প্রায় ২০ জন নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিট পরেই মিছিল শেষ করে নেতা-কর্মীরা চলে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মিছিলের বিষয়টি তিনি জানেন না। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের মিছিল করলে মামলা হবে। তারা এ ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে