‘নাগরিকরা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে’
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকরা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছে ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক দল। সোমবার নয়াদিল্লিতে ভারতের নির্বাচন কমিশন থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে পর্যবেক্ষকদের এ মন্তব্য উঠে এসেছে।
নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফর করে যাওয়া ভারতীয় পর্যবেক্ষক দলে ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে মহাপরিচালক বি নারায়ণ ও মুখ্য সচিব মোহাম্মদ উমর ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রচেষ্টা ও নির্বাচনি প্রক্রিয়া পরিচালনার জন্য তারা যে সুবিবেচনাপূর্ণ পরিকল্পনা করেছে, আমরা তার প্রশংসা করছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যবেক্ষক দল অনেকগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করেছে এবং সরাসরি ভোটদান প্রক্রিয়া দেখেছে। এসময় তারা বাংলাদেশের নাগরিকদের এসব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখেছে।
বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে সহযোগিতামূলক এই সম্পর্ক অব্যাহত রাখার আশাবাদ জানিয়েছে ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক দল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে