বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত নৌবাহিনীর যৌথ মহড়া
বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর জাহাজের অংশগ্রহণে তিনদিনের ষষ্ঠ সমন্বিত টহল ‘কর্প্যাট’ এবং চতুর্থ দ্বিপক্ষীয় মহড়া ‘বঙ্গোসাগর’ বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় শুরু হয়েছে।
সোমবার (১০ মার্চ) কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে শুরু হওয়া এই যৌথ টহল ও মহড়া মঙ্গলবার (১২ মার্চ) পর্যন্ত চলবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এতে অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ ও একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং ভারতীয় নৌবাহিনীর আইএনএস রানভীর যুদ্ধজাহাজ ও একটি হেলিকপ্টার।
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ টহল হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানব পাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ নানা অপরাধ নিরসনে এ যৌথ টহল ও মহড়া হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজগুলো চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে