Views Bangladesh Logo

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম গামাইতলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে।

নিহতের পরিবারের দাবি, গতকাল সন্ধ্যার আগে সাইদুল ইসলাম সীমান্ত এলাকায় গরু আনতে গেলে নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি পৌঁছান। তখন বিএসএফ গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সাইদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।

সাইদুলের মামা মো. আখতার হোসেন জানান, পরে তারা তাকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে, কী ধরনের বুলেট শরীরে লেগেছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির ব্যাটালিয়ানের অধিনায়ক একে এম জাকারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯-এর নিকট থেকে আনুমানিক ২০-২২ গজ ভারতের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে এক বাংলাদেশি সুপারি নিয়ে প্রবেশ করেন। এ সময় ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের করাইগড়া ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি করলে তার পেটে গুলি লাগে বলে গোয়েন্দা সূত্র এবং এলাকাবাসীর মাধ্যমে জানা যায়। তিনি বাংলাদেশে পালিয়ে এসে স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ