রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধে যাওয়া বাংলাদেশি তরুণের মৃত্যু
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন ইয়াসিন শেখ নামে এক যুবক। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার মরিচালি গ্রামে। গত ২৭ মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় তিনি নিহত হন। তিনি রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াসিন ২০২২-২৩ সেশনের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবার জানায়, ঈদুল ফিতরের পরদিন মঙ্গলবার বিকালে ইয়াসিনের সহযোদ্ধা ও বন্ধু মেহেদী তার মৃত্যুর খবর পরিবারকে জানান। এ ঘটনায় শোকে বিহ্বল পরিবারের সদস্যরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের চাওয়া লাশটা যেন ফিরে পান তারা।
জানা যায়, রাশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা শেখেন ইয়াসিন। পরে বন্ধুর সহায়তায় রাশিয়ায় একটি কোম্পানিতে ভালো চাকরি পান। কিন্তু কীভাবে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন তা কেউ জানে না।
ইয়াসিনের মা ফিরোজা খাতুন জানান, তার বাবার স্বপ্ন ছিল ছেলে যেন সেনাবাহিনীতে যোগ দেয়। বাবার সে স্বপ্ন পূরণ করে রাশিয়ান সেনাবহিনীতে যোগ দিয়। কিন্তু মস্কো থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরের ওই কোম্পানিতে তিন মাস চাকরি করার পর ২৭ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা।
তিনি বলেন, ইয়াসিনের বাবা মারা যান নয় বছর আগে। ছেলেটার বাবা মারা যাওয়ার পর অনেক কষ্টে পড়াশোনা করিয়েছি। ইচ্ছা ছিল বিদেশ গিয়ে পরিবারে সচ্ছলতা আনবে। সেজন্য অনেক ঋণ করে ওকে বিদেশ পাঠাই। এখন তো আমাদের সবই শেষ। এখন শুধু ছেলের লাশটা ফেরত চাই।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান বলেন, পরিবারটির খোঁজখবর নেয়ার জন্য ইতোমধ্যে এসিল্যান্ড সেই বাড়িতে গিয়েছেন। বিষয়টি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে