Views Bangladesh Logo

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। নিহতের নাম মুরাদ মিয়া (৩৬)। তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

মুরাদের স্ত্রী রত্না বেগম জানান, মঙ্গলবার বিকেলে তার স্বামী সীমান্তের কাছে তাদের সবজি খেত দেখতে গিয়েছিলেন। কিন্তু তিনি ফিরে না আসায় খোঁজা শুরু হয়। পরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে জানান বিএসএফ মুরাদকে অপহরণ করেছে। পরে একটি শিশু তাকে জানায়, বিএসএফ তাকে মারধর করে ফেলে চলে গেছে। গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পথে মুরাদের মৃত্যু হয়।

মুরাদের বড় বোন আমেনা খাতুন জানান, মুরাদকে গুরুতর অবস্থায় একটি ধানক্ষেতে পাওয়া যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমেনা অভিযোগ করে বলেন, আমাদের বাড়ি সীমান্ত থেকে মাত্র ১৫০ গজ দূরে। মুরাদ কৃষিকাজের পাশাপাশি ব্যবসা করতেন। আমার ভাইকে সীমান্তে ডেকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাফিউল্লাহ আরাফাত বলেন, মঙ্গলবার রাতে মুন্নাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। রাত ১০টা ২১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আজ বুধবার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজিবির টহল টিমের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ বলেন, আমরা যতটুকু খবর পেয়েছি মুরাদ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। তিনি কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন, বিএসএফ তাকে ধরেছে কি না বা না অন্য কেউ মেরেছে তা এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। বিএসএফের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ