Views Bangladesh Logo

দেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে ইতালির আগ্রহকে স্বাগত জানাল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে ইতালির আগ্রহকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে অভিবাসন ইস্যুতে উভয়পক্ষই ইতালির অর্থনীতিতে সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন। এ সময় তারা অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসীদের শোষণ প্রতিরোধে যৌথ প্রচেষ্টার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত অভিবাসনের পথকে সম্প্রসারণ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলে ইতালির উপমন্ত্রী এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন।

১৯৭২ সাল থেকে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইতালির সরকারের দৃঢ় সমর্থনের কথা জানান এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন।

ত্রিপোদি বাংলাদেশ ও ইতালির মধ্যকার বাণিজ্য সম্পর্কের সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে গ্রিনফিল্ড খাতে ইতালির বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। তিনি আরও জানান, বর্তমান সরকার, বিশেষ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক পরিবেশ সহজীকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর পাশপাশি কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের উদার আতিথেয়তার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং ইতালির পক্ষ থেকে চলমান মানবিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

অপরদিকে বৈঠক চলাকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় অ-রাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তার কাছে বাংলাদেশের সামনে বিদ্যমান জটিল চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন তিনি।

এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান।

দুইদিনের সরকারি সফরে মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছান ইতালির উপমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি কোনো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।

মন্ত্রণালয় আরও জানায়, মঙ্গলবার বিকেলে উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসান মৃধা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ