ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানকে ৩৬ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
টস জিতে দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার ২৪ বলে ৩২ রান করেন। এছাড়া বাংলাদেশের হয়ে আরবিন তানি ৩১, সুমাইয়া সুবর্ণা ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন। বাংলাদেশের দুইটি উইকেট নেন আনোশা নাসির।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান তুললেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০০ রান তোলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। দলটির হয়ে ওপেনার আইমান ফাতিমা ৩৯ ও আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। আফিয়া আসিমারা পাকিস্তানের ২টি এবং ফারিয়া আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন। এরপর ২৩ রান ও একটি উইকেট দখল করা জাতীয় স্পিনার রাবেয়া খান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এর আগে বুধবার একই ভেন্যুতে ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে