সৌদি আরবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল
আগামী মাসে (মার্চ) ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারে আগে সৌদি আরবে দলটির কন্ডিশনিং ক্যাম্প চলাকালে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
২ মার্চ সৌদি আরব যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ফুটবল দলের। সেখানে ১৭ মার্চ পর্যন্ত অনুশীলন করে কুয়েতে চলে যাবে জামাল ভুঁইয়ারা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাফুফে প্রাঙ্গণে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্বকাপ বাছাইপর্বের পূর্বে সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প ও তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বাংলাদেশ দলের প্রধান কোচ জাভিয়ের ক্যাবেরেরা। এ সময় এসব তথ্য জানা যায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাবেরেরা বলেন, ‘সৌদি আরবে আমাদের অনুশীলন চলার সময় কিছু অন্যান্য দলও সেখানে অনুশীলন করবে। আমরা সেখানে জাতীয় দলগুলির সাথে কমপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচের খেলার চেষ্টা করব। অন্যথায় আমরা স্থানীয় ক্লাব দলগুলির সাথে ম্যাচগুলি খেলার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, বিপিএল এবং ফেডারেশন কাপ ফুটবলে তাদের খেলা আমাকে মুগ্ধ করেছে। তাদের কয়েকজনকে প্রাথমিক জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।‘
এদিকে বর্তমানে আর্জেন্টিনার ক্লাবে খেলছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে তিনি আগামী ২৯ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে