চার প্রকল্পে ১৪০ কোটি ডলার ঋণ পেতে এডিবির সঙ্গে চুক্তি সই
উন্নয়ন কর্মকাণ্ডে চলমান স্থবিরতার মাঝেই দেশের চার গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি মার্কিন ডলার (প্রায় ১৪০ কোটি ডলার) ঋণ পেতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি সই করেছে সরকার। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে বলে আজ রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এদিন রাজধানীর একটি অভিজাত হোটেলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (মাতাসা কান্দা) সহ উভয় সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তি হওয়া প্রকল্প চারটি হলো—
১. স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২)
২. সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২)
৩. সাসেক ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট
৪. নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট
রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একধরনের মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলোর অর্থ ছাড় এবং ঋণের প্রতিশ্রুতি—উভয়ই কমেছে।
ইআরডির হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বিদেশি অর্থ ছাড় হয়েছে ৪২৩ কোটি ৬২ লাখ ডলার; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫১৬ কোটি ৩৪ লাখ ডলার। অর্থাৎ, অর্থ ছাড় কমেছে ১৮ শতাংশ। অপরদিকে বিদেশি ঋণের প্রতিশ্রুতি মিলেছে ২৮০ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ের (৪২৫ কোটি ডলার) তুলনায় ৩৪ শতাংশের বেশি কম। এমন পরিস্থিতিতে এডিবির এই বড় অঙ্কের ঋণ চুক্তিকে অর্থায়ন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন অর্থমন্ত্রী।
চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের বিরূপ পরিস্থিতিতে এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়।’
তিনি আরও জানান, আগামীকাল সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবির প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। সে সময় দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হবে, যা বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে